
কলকাতা, ১৯ জুন: স্বস্তির বৃষ্টি আরাম দিলেও, সপ্তাহের প্রথম কাজের দিনেও ট্রেন পরিষেবাও বিঘ্নিত করল। দেরিতে চলল অনেক ট্রেন, আবার শিয়ালদহ-বনগাঁ এবং শিয়ালদহ-হাসনাবাদ শাখার মধ্যমগ্রাম স্টেশনে সিগন্যাল ব্যবস্থায় ত্রুটির কারণে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। আপ এবং ডাউনের বহু ট্রেন আটকে থাকে শহরতলির বিভিন্ন স্টেশনে। বহু ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে আধ ঘণ্টা, এক ঘণ্টা দেরিতে চলে। যার ফলে ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা।
সোমবার সকাল থেকে আকাশ কালো করে এসে বৃষ্টি শুরু হয় কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শিয়ালদহ স্টেশন এলাকায় মুষলধারে বৃষ্টি। ততক্ষনে অফিস যাত্রীরা বেরিয়ে পড়েছেন কর্মস্থলের উদ্দেশে, কিন্তু বৃষ্টির জন্য গন্তব্যে পৌঁছতে দেরি হয়েছে প্রায় সমস্ত মানুষের। শিয়ালদহ দক্ষিণ ও উত্তর শাখায় বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। দেরিতে চলাচল করে অনেক ট্রেন।
যাইহোক, বৃষ্টির সৌজন্যে স্বস্তি ফিরে পেল দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তর-পূর্ব বিহারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যে কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে নিম্নচাপ অক্ষরেখা। ফলে সেখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সোমবারের বৃষ্টিকে প্রাক্ বর্ষা পরিস্থিতি বলছেন আবহবিদেরা। আগামী কয়েক দিন এ ভাবেই বৃষ্টি চলবে একাধিক জেলায়। বরং বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সেই সঙ্গে আগামী কয়েক দিনে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রাও কমবে বলে পূর্বাভাস।
