
কলকাতা, ৩১ মে: নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে। তাঁর গ্রেফতারিতে এবার মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সকালে তিনি বলেন, ‘কাকু হল, জেঠু হল। এবার হয়তো পিসির সময় আসছে। ভাইপোও আছে। কান টানাটানি শেষ। এবার হয়তো মাথা আসবে।’ এদিন নিউটাউন ইকো পার্কে প্রাতর্ভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সেখানে তিনি আরও বলেন, ‘পার্থ মন্ত্রী ছিলেন। নিজের মতো একটা চ্যানেল তৈরি করেছিলেন। সেখানে কিছু লোক ছিল। কিন্তু এখন যাঁরা ধরা পড়ছে, তাঁরা ডাইরেক্ট পার্টির লোক।’ পাশাপাশি তাঁর বক্তব্য, ‘আমার মনে হয় এবার রাস্তা পুরোপুরি খুলে যাবে।’
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা জেরার পর মঙ্গলবার রাতে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে গ্রেফতার করে ইডি। তাঁর গ্রেফতারির খবর জানান বিধাননগরের সিজিও কমপ্লেক্সের ইডির আধিকারিকরা। ভুয়ো সংস্থা খুলে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়া তিনি তদন্তে সহযোগিতা করছেন না বলে জানান তদন্তকারীরা।
