
কলকাতা, ২৯ আগস্ট : পুলিশের আপত্তি সত্বেও মঙ্গলবার মোমবাতি মিছিল করবে বিজেপি-র তফশিলি জাতি মোর্চা। যাদবপুরের হস্টেলে পড়ুয়ার রহস্যমৃত্যু র্যাগিং-এর প্রতিবাদে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে দলের সদর দফতর থেকে চৌরঙ্গী পর্যন্ত এই মিছিল হওয়ার কথা।
এই মোমবাতি মিছিল করতে গত ২৪ আগস্ট তফশিলি জাতি মোর্চার তরফে লিগিত আবেদন করা হয়েছিল লালবাজারে। জবাবে
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) লিখিত জবাবে জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অন্তত ১৪ দিন আগে আবেদন করার কথা। সেই প্রথা মানা হয়নি। এ ছাড়াও ওই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুপাশে নানা বিদ্যালয়, হাসপাতাল ও সরকারি অফিস রয়েছে। মিছিলে যান চলাচল ও জনজীবন বিপর্যস্ত হবে। তাই ওই মিছিল করতে না করা হচ্ছে।
ওই চিঠি যুক্ত করে বিজেপি এসসি মোর্চা সংবাদমাধ্যমকে জানিয়েছে, পরিকল্পনামত তারা মিছিলটি করবে।প্রসঙ্গত, যাদবপুরের হস্টেলে পড়ুয়ার রহস্যমৃত্যু র্যাগিং-এর প্রতিবাদেই শুক্রবার পুলিশের অনুমতি ছাড়া মিছিল করেছিল এবিভিপি। ঢাকুরিয়ার কাছে ওই মিছিল পুলিশ ভেঙে দেয়। গ্রেফতারও করে মিছিলকারীদের অনেককে।
