
কলকাতা, ২৪ সেপ্টেম্বর : রাজ্যের ৭ জেলায় ডেঙ্গি হটস্পট। এক সপ্তাহে আক্রান্ত ৭,৫০০। হাওড়া, হুগলি, মালদা থেকে কলকাতা―সর্বত্র ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গি! এই অবস্থায় সোমবার ডেঙ্গির সতর্কতা নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী ১১ দিনের বিদেশ সফর সেরে কলকাতা ফিরেছেন শনিবার সন্ধ্যার পর। বিদেশে থাকাকালীনই তিনি এরাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্তর খবর পাচ্ছিলেন। সেই অনুযায়ী সরকার ও পুরসভাকে সতর্ক হওয়ার নির্দেশও দেন। এই অবস্থায় হটস্পটগুলির অবস্থা কী?, তা বিশদে জানতে চান মুখ্যমন্ত্রী।
মমতা নিজে এই বৈঠকে থাকছেন না। তবে,তাঁর নির্দেশে সোমবার রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক এবং স্বাস্থ্য ভবনের কর্তা, আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। থাকছেন স্বাস্থ্য দফতরের আধিকারিক, জেলা স্বাস্থ্যকর্তা এবং মেডিক্যাল কলেজের সদস্যেরা।
ডেঙ্গি রুখবে কে? রাজ্যের ৭ জেলায় ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ! কলকাতার বিভিন্ন প্রান্তে ফের বাড়ছে ডেঙ্গির প্রকোপ। রাজ্যজুড়ে ডেঙ্গির বাড়াবাড়ি, দক্ষিণ দমদমে ৬ জনের মৃত্যু। এই অবস্থায় মন্ত্রী সুজিত বসুর বার্তা ‘লড়াইয়ে আছি আমরা'।
এমনিতেই বর্তমানে রাজ্যে প্রতি দিন ২৫০ থেকে ৩০০ জন করে ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন। অনেকের মৃত্যুও হচ্ছে। সরকারি ভাবে মৃতের সংখ্যা এখনও জানানো হয়নি। বেসরকারি মতে, প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। রাজ্যের হাসপাতালগুলিতে ম্যালেরিয়া আক্রান্ত বেশ কিছু রোগীও আছেন।
