
কলকাতা, ২১ এপ্রিল : কলকাতার গার্ডেনরিচ এলাকার ১৩৫ নম্বর ওয়ার্ডের বিচালী রোডে গত সন্ধ্যায় গ্যাস সিলিন্ডার ফেটে দুই শিশু-সহ ২২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর। পাঁচ তলা বাড়ির একতলায় একটি অনুষ্ঠান চলাকালীন এই বিপত্তি ঘটে। অগ্নিদগ্ধ দু'জনকে সিএমআরআই ও ২০ জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এদের মধ্যে ১৬ জন ট্রমা কেয়ারে ও ৪ জন বার্ন ইউনিটে ভর্তি। মহম্মদ আজীম ও মহম্মদ শেকু নামে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। দমকলের তিনটি গাড়ি এক ঘন্টার চেষ্টায আগুন নেভায়। খবর পেয়ে এসএসকেএম হাসপাতালে আহতদের দেখতে যান মন্ত্রী ফিরহাদ হাকিম। খুশির ঈদের মুখে এই ঘটনায় এলাকার মানুষ বিষণ্ণ।
বৃহস্পতিবার সন্ধ্যায় (৫টা ৪৫ মিনিট নাগাদ) বিচালি ঘাট রোডের একটি বাড়ির এক তলায় আগুন লেগে যায়। তার জেরেই এই কাণ্ড। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়ির লোকজন রান্না করছিলেন। সিলিন্ডার ফেটে ও আগুনে ২২ জন আহত হয়েছেন। সেখান থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করেছে পুলিশ। গ্যাস সিলিন্ডারের অংশও মিলেছে।
