
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কেবলমাত্র ১৪ টাকা দামের একটি বাস টিকিটের বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় শংসাপত্র, আধার, ভোটার এবং প্যান কার্ডের মতো গুরত্বপূর্ণ ডকুমেন্ট ফিরে পেলেন হাওড়ার বাসিন্দা রাজু বসাক। এই ঘটনার কথা সমাজ মাধ্যমে তুলে ধরেছেন রাজু।
কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়ে ১৪ টাকার ওই টিকিটকে 'লাকি টিকিট' বলেছেন তিনি। প্রতিদিনের মতই বিবারও হাওড়া থেকে শিয়ালদহ যাওয়ার জন্য বাসে উঠেছিলেন রাজু। অন্যদিন টিকিট ফেলে দিলেও এই দিন সেই টিকিট বেশ যত্ন করেই গুছিয়ে রেখেছিলেন রাজু।
এক্সাইড মোড়ে নেমে যাওয়ার পরে রাজু খেয়াল করেন, বাসেই ব্যাগ থেকে গিয়েছে। বাসটিকে ধাওয়া করেও ব্যর্থ হন ওই যুবক। তখনই টিকিটের কথা মাথায় আসে তাঁর। এর পরে সাউথ ট্র্যাফিক গার্ডের কন্ট্রোল রুমে যোগাযোগ করেন রাজু।
তাদেরকে দেখান ওই টিকিট। আর সেই টিকিটের সূত্র ধরেই পরিবহণ দপ্তরে যোগাযোগ করেন ট্র্যাফিক পুলিশের কর্তারা। সেখান থেকে বাসের তথ্য পাওয়ার পরে যোগাযোগ করা হয় কন্ডাক্টরের সঙ্গে। তিনি জানান, যত্ন করেই রাখা আছে ব্যাগটি। পুলিশের এক কর্মী গিয়ে সেটি নিয়ে আসেন। ঘণ্টা দেড়েকের মধ্যেই ব্যাগটি হাতে ফিরে পান রাজু।
