
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চরম ভোগান্তির মুখে পড়তে হল নিত্য যাত্রীদের। শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ বারাসতে পয়েন্ট সিগন্যাল খারাপের জন্য বনগাঁ-শিয়ালদহ লাইনে আপ এবং ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বনগাঁ থেকে শিয়ালদহগামী দ্বিতীয় ট্রেন বামনগাছি স্টেশনে এসে দাঁড়িয়ে যায়। বাতিল হয় আরও বেশ কয়েকটি ট্রেন। তার মধ্যেই দীর্ঘ সময় ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে বামনগাছি স্টেশনে ওই ট্রেনের চালককে গালাগালি এবং মারধরের চেষ্টা করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। কিন্তু ট্রেনের অন্য যাত্রীরা পাল্টা ওই যুবককেই মারধর করেন বলে স্থানীয় সূত্রে খবর।
