kolkata

3 years ago

Housing Scheme : কেউ অশান্তির চেষ্টা করলে পুলিশকে জানান, আবাস যোজনায় দুর্নীতি রুখতে বার্তা মুখ্যসচিবের

Harikrishna Dwivedi
Harikrishna Dwivedi

 

কলকাতা, ১৩ ডিসেম্বর  : আবাস যোজনায় দুর্নীতি রুখতে কঠোর পদক্ষেপ করবে নবান্ন। মঙ্গলবার এই বার্তা দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বললেন. 'যাঁদের পাকা বাড়ি, আবাস যোজনার বাড়ি তাঁদের জন্য নয়।' কেউ অশান্তির চেষ্টা করলে পুলিশকে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি।

জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে মুখ্যসচিব জানিয়ে দেন, কারও পাকা বাড়ি থাকলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম রাখা যাবে না। প্রভাবশালী দিয়ে কেউ অন্যরকম ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাঁর কথা শোনা হবে না, জানিয়ে দেন তিনি।

শুধু পাকা বাড়ি নয়, আবাস যোজনায় সুবিধা পেতে হলে অন্য যে সব মাপকাঠি রয়েছে সেগুলিও পূরণ করতে হবে বলে জানান মুখ্যসচিব। না হলে তালিকা থেকে নাম বাদ যাবে তাঁদের। অর্থাৎ নবান্ন অত্যন্ত কড়া পদক্ষেপ করতে চলেছে এই বিষয়ে। প্রসঙ্গত, দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর গত নভেম্বরেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যকে ৮ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। নভেম্বরে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, চাহিদা মতো সার ও ১০০ দিনের কাজের টাকা দেওয়ার বিষয়ে, রাজ্যের পাশাপাশি বিরোধীরাও কেন্দ্রের কাছে দরবার করুন। তার পরই ফের আবাস যোজনার জন্য অর্থ বরাদ্দ করে কেন্দ্র। বিষয়টি নিয়ে কোনও ধরনের দুর্নীতি যে রাজ্যের তরফেও বরদাস্ত করা হবে না, সেই বার্তা স্পষ্ট দেওয়া হল আজ। প্রসঙ্গত, আজই প্রধানমন্ত্রী আবাস যোজনায় তালিকায় অনৈতিক ভাবে নাম তোলার অভিযোগ ওঠে পূর্ব বর্ধমানের রায়না ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মোহন্তের বিরুদ্ধে।

You might also like!