
কলকাতা : ভোট পরিচালনায় কেন্দ্রীয় বাহিনী নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এমন এক আবহে এবার রাজ্য পুলিশের হয়ে ব্যাট ধরলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। বৃহস্পতিবার পটনায় যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্যের পুলিশ যথেষ্ট ‘স্মার্ট’। কেউ যেন বাংলাকে ‘স্মার্টনেস দেখাতে না আসে’, সেই হুঁশিয়ারি দিয়ে রাখেন মমতা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, রাজ্যের পুলিশ অফিসাররা অন্য যে কোনও পুলিশের মতোই সমান গুরুত্বপূর্ণ। বাংলার পুলিশের কর্মদক্ষতা মনে করিয়ে দিয়ে বললেন, ‘একসময় কলকাতা পুলিশকে স্কটল্যান্ড পুলিশের সঙ্গে তুলনা করা হত।’ এরপরই বাংলার পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিরোধীদের আক্রমণের জবাব দিলেন মমতা। তৃণমূল সুপ্রিমোর দাবি, কেন্দ্রীয় বাহিনী যত খুশি পাঠাক। তাতে শাসক শিবিরের কোনও সমস্যা নেই। বললেন, ‘যত পারে, তত দিক।’ তাঁর মতে, যাঁরা ভোট দেওয়ার, তাঁরা ঠিকই ভোট দেবেন।
