
কলকাতা, ১৪ সেপ্টেম্বর : কুন্তল ঘোষের চিঠি মামলা ফের নয়া মোড় নিল। বিশেষ সিবিআই আদালতের নির্দেশের বিরোধিতা করে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয়।
এদিন শুনানির পর বিচারপতির নির্দেশে স্বস্তি আসে ইডি, সিবিআই-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। শুনানির পর বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, কুন্তল ঘোষের চিঠি বিতর্কে বিশেষ সিবিআই আদালতের নির্দেশ আপাতত কার্যকর করা যাবে না। উল্লেখ্য, বিশেষ সিবিআই আদালত কুন্তলের চিঠি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রিপোর্টে পেশের নির্দেশ দিয়েছিল।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি-র হাতে গ্রেফতার হন বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। গ্রেফতারির পর চিঠি লিখে চাঞ্চল্যকর দাবি করেন কুন্তল। তাঁর দাবি ছিল, তল্লাশি অভিযান চালাতে তাঁর বাড়িতে গিয়েছিল ইডি। অভিযান চলাকালীন তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন কুন্তল।
দুই ইডি আধিকারিক ও এক সিবিআইয়ের ডিআইজি পদমর্যাদার অফিসারের দিকে কুন্তলের অভিযোগ আঙুল ছিল। একইসঙ্গে তাঁকে চাপ দিয়ে জোর করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন কুন্তল।
