
কলকাতা, ৮ অক্টোবর : পুর নিয়োগ মামলায় একই দিনে তৃণমূল কংগ্রেসের দুই হেভিওয়েটের বাড়িতে অভিযান চালাল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। রবিবার সকালেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে অভিযান চালায় সিবিআই। আর এদিনই কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধাক মদন মিত্রের বাসভবনে পৌঁছে গিয়েছে সিবিআই, সেখানেও চলছে তল্লাশি।
সিবিআই সূত্রের খবর, পুরসভায় নিয়োগ সংক্রান্ত বিষয়ে তল্লাশি চালানোর জন্যই রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদনের ভবানীপুরের বাড়িতে গিয়েছে তাদের একটি দল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাড়িতেই রয়েছেন মদন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মদনের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের মোতায়েন করা হয়েছে। সেখানে তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুর নিয়োগকাণ্ডের তদন্তে রবিবার সকালে ফিরহাদ, মদন ছাড়াও রাজ্যের বহু পুরসভার পুরপ্রধানের বাড়িতেও সিবিআইয়ের কযেকটি দল হানা দিয়েছে বলে জানা গিয়েছে।
