kolkata

2 years ago

Teacher Recruitment Case: এমএলএ হস্টেলের দরজা আটকে বিক্ষোভ স্কুল চাকরিপ্রার্থীদের

Teacher Recruitment Case (Collected)
Teacher Recruitment Case (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ‘‘মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই’’। এমনই সারি সারি পোস্টার এবং অজস্র দাবি দাওয়া লেখা পোস্টার হাতে নিয়ে এমএলএ হস্টেলের গেটের সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করলেন স্কুলের চাকরিপ্রার্থীরা। আর বিক্ষোভের মুখে নাকাল বহু মন্ত্রী এবং বিধায়ক আটকে রইলেন ভিতরে।

বুধবার সকালে রাজ্যের বিধানসভা অধিবেশনের যোগ দেওয়ার কথা ছিল এই মন্ত্রী-বিধায়কদের। অথচ আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সরিয়ে এমএলএ হস্টেলের গেট দিয়ে বেরনোর উপায়ই ছিল না। ফলে সোমবার সকাল থেকে দীর্ঘ ক্ষণ এমএলএ হস্টেলের ভিতরেই আটকে রইলেন তাঁরা। যার প্রভাব পড়ল বিধানসভাতেও।

চাকরিপ্রার্থীদের অভিযোগ, বিধানসভার অধিবেশন চলছে। সেখানে নানা বিষয়ে আলোচনা হচ্ছে। অথচ যে ‘যোগ্য’ চাকরিপ্রার্থীরা প্রায় ৯০০ দিন ধরে ‘প্রাপ্য’ চাকরির দাবিতে পথে বসে আন্দোলন করছেন, তাঁদের নিয়ে সরকার বা বিরোধী পক্ষের বিধায়কেরা কোনও আলোচনাই করছেন না। 

বুধবারের সকাল থেকেই কিড স্ট্রিটে এমএলএ হস্টেলের সামনে শুরু হয় ওই বিক্ষোভ। আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের বিক্ষোভের জের পড়ে বিধানসভার অধিবেশনেও। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, ‘‘এমএলএ হস্টেলের সামনে বিক্ষোভ হচ্ছে, সেই জন্য এমএলএ, মন্ত্রীরা আটকে পড়েছেন। বলার অধিকার সবারই আছে। কিন্তু, এভাবে স্তব্ধ করে দিয়ে আন্দোলন করা ঠিক নয়। আমি প্রশাসনকে বলেছি বিষয়টা দেখতে।’’এ দিকে, চাকরিপ্রার্থীদের বিক্ষোভের খবর পেয়ে বিরোধী বিজেপির বিধায়কেরাও এই ইস্যু নিয়ে সরব হন।

বেলা বাড়লে পুলিশি তৎপরতায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় বলে জানা গিয়েছে। এমএলএ হোস্টেল ঘেরাওয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিধানসভার স্পীকার বলেন- বলেন, ‘‘আমিও খুব বিব্রত বোধ করছি। কার প্ররোচনায় ওঁরা গিয়েছেন, তা আমরা জানি। এতে উৎসাহ দেওয়া ঠিক নয়। এটা যাতে ভবিষ্যতে আর না হয়, তা আমি দেখব।’’

You might also like!