
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজো শেষ হয়ে গেলেও বিসর্জনের বাজনা থামেনি। আবার অন্যদিকে খুলে গিয়েছে অফিস কাছারি। তাই একাদশীতে কি বলছে কলকাতা ট্রাফিক?
কলকাতা ট্রাফিক পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নতুন করে শহরে যানজটের কোনও সম্ভাবনা নেই। এদিন কোনও মিটিং মিছিল নেই। একেবারে মসৃণভাবে এগিয়ে চলবে যানবাহন। তবে এদিন স্বাভাবিকভাবেই রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা অত্যন্ত কম। হলুদ ট্যাক্সিও অন্যান্য দিনের তুলনায় কম বার হয়েছে পথে। সেক্ষেত্রে সাধারণ মানুষকে কিছুটা সময় হাতে নিয়ে বার হতে হবে।
এদিকে এই বছরও রেড রোডে আয়োজিত হচ্ছে দুর্গাপুজো কার্নিভাল। ২৭ তারিখ শহরের প্রতিমাগুলি রেড রোডে প্রদর্শিত হবে। এই কার্নিভাল প্রসঙ্গে ট্রাফিক নির্দেশিকা দিয়েছে কলকাতা পুলিশ।
সেখানে জানানো হয়েছে, রেড রোডের আশেপাশের একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যানচলাচল। সংশ্লিষ্ট দিনে এজেসি বোস রোডের এক্সাইড মোড় থেকে শুরু করে হেস্টিংস ক্রসিং পর্যন্ত রাস্তাটি দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত পণ্যবাহী গাড়িদের জন্য বন্ধ থাকবে। শুধু এই রাস্তাটি নয়, এর পাশাপাশি লাভার্স লেন, রেড রোড, নিউ রোড, ডাফরিন রোডেও একই নিষেধাজ্ঞা বজায় থাকবে। তবে ৩টের পর এই নিষেধাজ্ঞা উঠে যাবে।
