kolkata

3 years ago

Abhishek-Kuntal ordered to pay a Lumpsum : অভিষেক-কুন্তলকে ৫০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ হাই কোর্টের

Abhishek Banerjee - Kuntal Ghosh
Abhishek Banerjee - Kuntal Ghosh

 

কলকাতা, ১৮ মে  : শুধু ইডি এবং সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মোটা টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিন্‌হা জানান, অভিষেক এবং কুন্তল দু’জনকে ২৫ লক্ষ করে অর্থাৎ ৫০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।

বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার রায়দান ছিল হাই কোর্টে। জরিমানার নির্দেশ দিলেও কেন এই জরিমানা, তার স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুনর্বিবেচনার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

গত ২৯ মার্চ কলকাতার শহিদ মিনারে ছাত্র ও যুব তৃণমূলের এক সমাবেশে অভিষেক দাবি করেছিলেন, মদন মিত্র এবং কুণাল ঘোষের মতো নেতারা যখন কেন্দ্রীয় সংস্থার হেফাজতে ছিলেন, তখন তাঁদেরকেও অভিষেকের নাম নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। ঘটনাচক্রে, তার পর দিনই কুন্তলকে আদালতে পেশ করা হয় এবং আদালতে ঢোকার মুখে কুন্তল দাবি করেন, নিয়োগ মামলায় অভিষেকের নাম বলানোর চেষ্টা হচ্ছে তাঁকে দিয়ে। সিবিআই এবং ইডি তাঁর ওপর এর জন্য চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছিলেন কুন্তল।

পরে কুন্তলের এই দাবি এবং চিঠি সংক্রান্ত মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠলে তিনি বলেছিলেন, ২৪ ঘণ্টার ব্যবধানে দু’জনের এই একই ধরনের দাবি কাকতালীয় হতে পারে না। এই মামলায় তদন্তের নির্দেশ দিয়ে বিচারপতি বলেছিলেন, দরকারে অভিষেককেও জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই।বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশ বহাল রেখেই তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা লোকসভা সাংসদ অভিষেককে জরিমানার নির্দেশ দেন হাই কোর্টের বিচারপতি সিন্‌হা।


You might also like!