
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিয়োগ মামলায় গ্রেফতার তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তলের চিঠি সংক্রান্ত মামলায় ফের ব্যাকফুটে অভিষেক ব্যানার্জী। সোমবার সুপ্রিম কোর্টে কুন্তলের চিঠি সংক্রান্ত অভিষেকের মামলার শুনানি ছিল। সেখানেই শীর্ষ আদালত জানিয়ে দেয়, এ ব্যাপারে কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তাতে কোনও রকম হস্তক্ষেপ করবে না তারা।
প্রসঙ্গত, নিয়োগ মামলায় গ্রেফতার তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তলের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে সিবিআই এবং ইডি জেরা করতে পারবে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চ। একই সঙ্গে অভিষেককে ২৫ লক্ষ টাকার জরিমানাও করেছিলেন তিনি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক। ইতিমধ্যেই এই মামলার এক দফা শুনানি হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। আগের শুনানিতে আদালত বলেছিল, অভিষেককে জেরা করতে পারবে সিবিআই। সোমবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল সিবিআইয়ের মতোই ইডিও চাইলে নিয়োগ মামলায় অভিষেককে জেরা করতে পারবে।
এই দিন ইডি এবং অভিষেকের আইনজীবীর বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এ ব্যাপারে হাই কোর্টের একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তাতে হস্তক্ষেপ করলে তদন্তে বাধা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জেরার ব্যাপারে ছাড়পত্র দিলেও সুপ্রিম কোর্ট জানিয়েছে, অভিষেককে এই মামলায় জরিমানা দিতে হবে না।
