
আসানসোল, ২৭ এপ্রিল : গোরু পাচার মামলায় বৃহস্পতিবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দিলেন আব্দুল লতিফ । ১৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে আব্দুল লতিফকে জামিন দেওয়া হল।
গত সোমবার সুপ্রিম কোর্ট তার গ্রেফতারিতে অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল। বলা হয়েছিল, গ্রেফতারের মতো কোনও কড়া পদক্ষেপ সিবিআই করতে পারবে না। পাশাপাশি যেদিন আদালতে মামলার শুনানি হবে, সেদিন তাকে হাজিরা দিতে হবে। সেইমতো এদিন সকালে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে আব্দুল লতিফ আসে। তার হয়ে এদিন সিবিআইয়ের বিশেষ আদালতে সওয়াল করেন আইনজীবী শেখর কুন্ডু। এদিন সিবিআইয়ের হয়ে উপস্থিত ছিলেন পিপি বা সরকারি আইনজীবী রাকেশ কুমার। কেস ডায়েরি নিয়ে উপস্থিত ছিলেন মামলার আইও বা তদন্তকারী অফিসারও। সওয়াল-জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দেন। তাতে বলা হয়, আব্দুল লতিফকে ১৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হল। আগামী ৬ মে এই মামলার পরবর্তী শুনানি হবে। এরমধ্যে প্রতি ৩ দিনে একবার করে সিবিআইয়ের আইওর সঙ্গে দেখা করতে হবে। সিবিআইয়ের কাছে তার পাসপোর্ট জমা রাখতে হবে।
