
উলুবেড়িয়া, ৩০ ডিসেম্বর : হাওড়ার উলুবেড়িয়ায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই লকগেট বাজার এলাকার প্রায় ৪০ টি দোকান। একই সাথে ভস্মীভূত হয়ে গিয়েছে উলুবেড়িয়ার শতাব্দী প্রাচীন লাইব্রেরি।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে উলুবেড়িয়ার লকগেট বাজার এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়রা টের পেয়ে সঙ্গে সঙ্গে দমকলে খবর দেয়।
তড়িঘড়ি দমকলের তিনটি ইঞ্জিন এসে উপস্থিত হয় ঘটনাস্থলে। আগুন নেভানোর চেষ্টা চলে দীর্ঘ সময় ধরে। কিন্তু জানা গিয়েছে, তার মধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে এলাকার চল্লিশটি দোকান। একইসাথে আগুন লেগে ভস্মীভূত হয়ে গিয়েছে শতাব্দী প্রাচীন উলুবেড়িয়া ইনস্টিটিউট অ্যান্ড লাইব্রেরী। গভীর রাতে আগুন লাগায় টের পাওয়ার আগেই বেশ কিছু দোকানে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অবশ্য ব্যবসায়ীরাই আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু তা অঘটন আটকাতে পারেনি। কিভাবে এই আগুন লাগল তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে এই আগুন লাগতে পারে।
