Game

2 hours ago

T20 World Cup: রবিবার কলম্বোতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান

Indian cricket team captain Suryakumar Yadav
Indian cricket team captain Suryakumar Yadav

 

নয়া দিল্লি , ১৫ ফেব্রুয়ারি  : টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ রবিবার মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। মর্যাদার এই লড়াইয়ে জিতে দুটি দলেরই লক্ষ্য থাকবে সুপার এইট নিশ্চিত করা। ইতিমধ্যে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান ও ভারত। ৩৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় খেলা শুরু হবে। তবে আবহাওয়া দফতরের যা পূর্বাভাস তাতে ম্যাচে বৃষ্টির সম্ভাবনা আছে। বিশ্বকাপ শুরুতে পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল। তবে পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে ম্যাচ খেলছে পাকিস্তান।

'এ’ গ্রুপে পাকিস্তান নেদারল্যান্ডসকে ৩ উইকেটে ও যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারিয়ে প্রথম দুটি ম্যাচ জিতেছে। আর ভারতীয় দলও একইভাবে যুক্তরাষ্ট্রকে ২৯ রানে এবং নামিবিয়াকে ৯৩ রানের বড় ব্যবধানে হারিয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেছে। তবে দুটি দলের পয়েন্ট এক হলেও রান রেটে এগিয়ে আছে ভারত। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও ব্যাটার বাবর আজম বলেছেন, ভারত ম্যাচে সেরাটা দিতে আমরা মুখিয়ে আছি। এই ম্যাচ জিতেই আমরা সুপার এইট নিশ্চিত করতে চাই। তিনি খেলোয়াড়দের শান্ত ও চাপমুক্ত থাকার পরামর্শও দিয়েছেন। ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী বলেছেন, বিশ্বকাপে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের বিপক্ষে খেলতে আমরা উচ্ছসিত। আমাদের প্রস্তুতি ভালো। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। টি-টোয়েন্টিতে দুই দলের সাম্প্রতিক মুখোমুখি পরিসংখ্যানে ১৬ ম্যাচের মধ্যে ভারতের জয় ১২টি, পাকিস্তানের জয় ৩টি, এবং একটি ম্যাচ টাই হওয়ায় সুপার ওভারে জয় পেয়েছিল ভারত।

তবে রবিবারের ম্যাচ হওয়া নিয়ে একটা শঙ্কা রয়েছে এবং তা হল বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খেলা শুরুর আগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ৫০-৭০ শতাংশ। বৃষ্টিতে খেলা কম ওভার বা টস দেরিতে শুরু হতে পারে। তবে রাতের দিকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হতে পারে। তবে বৃষ্টিতে খেলা ভেসে গেলে দু’দলের পয়েন্ট ৫ করে হবে, তখনও শেষ ম্যাচের মাধ্যমে সুপার এইট নিশ্চিত হবে।

You might also like!