
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার কন্নড় ছবি ‘কেডি’র সেটে বোমা ফেটে তাঁর গুরুতর আহত হওয়ার খবর শিরোনামে এসেছিল। আতঙ্কিত হয়ে পড়েছিলেন অনুরাগীরা। সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন অভিনেতা সঞ্জয় দত্ত। তিনি বলেন “এ ধরনের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন!”খবরটি ভুয়ো, এমনই জানাচ্ছেন সঞ্জয় নিজে।
বেঙ্গালুরুর আশপাশের অঞ্চলে চলছিল ছবির শুটিং। খবর রটেছিল, শুটিং চলাকালীন আচমকাই বিস্ফোরণে আহত হন অভিনেতা। তাঁর হাতে, কনুইয়ে ও মুখে চোট লেগেছিল বলেও জানা গিয়েছিল। এর পর নাকি ছবির শুটিং বন্ধ রাখা হয়।খবর ছড়িয়ে পড়তে আতঙ্কের আবহে সঞ্জয় নিজেই শেষমেশ একটি বার্তা পোস্ট করেন সমাজমাধ্যমে। লেখেন, “আমি আহত হয়েছি এমন প্রতিবেদন দেখছি চারদিকে। সবাইকে আশ্বস্ত করে বলি, এ খবর ভিত্তিহীন। কিছুই হয়নি। ভগবানের দয়ায় আমি একেবারে সুস্থ আছি।”
‘কেডি’ ছবির মাধ্যমে সর্বভারতীয় স্তরে পা রাখতে চলেছেন সঞ্জয় দত্ত। কন্নড় ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালম ও হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবির জন্য একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অভিনেতা। ফাইটমাস্টার রবি বর্মার উপস্থিতিতেই চলছিল শুটিং। তখনই বোমা বিস্ফোরণের খবর ছড়ায়।
এর আগে দক্ষিণী ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ ও ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এ কাজ করেছেন সঞ্জয়। কর্মজীবনের দ্বিতীয় ইনিংসে খলচরিত্রের দিকে বেশি ঝুঁকছেন অভিনেতা। কন্নড় ছবি ‘কেডি’-তে খলনায়ক হিসাবেই দেখা যেতে চলেছে সঞ্জুবাবাকে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ‘মার্টিন’ খ্যাত তারকা অভিনেতা ধ্রুব সারজা। ১৯৭০ সালে বেঙ্গালুরুতে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য।
