
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডে সাফল্য এখন তাঁর হাতের মুঠোয়। তবে আলিয়ার এক স্পর্শকাতর আচরণে তাঁকে বাহবায় মুড়ে দিলেন তাঁর ভক্তমণ্ডলী। কিন্তু কি এমন করলেন তিনি? জানা যাচ্ছে, মুম্বইতে মা সোনি রাজদান ও দিদি শাহিন ভট্টকে সঙ্গে নিয়ে রেস্তোরাঁয় গিয়েছিলেন আলিয়া ভট্ট। বলি তারকাদের প্রায়শই ওই রেস্তরাঁয় ঢু মারতে দেখা যায়। সেখানেই হঠাৎ মা ও দিদির সাথে তাঁকে দেখে তাঁকে ছেঁকে ধরলেন আলোকচিত্রীরা। আলিয়ার ছবি তোলার জন্য সেখানে হুলুস্থুলু পড়ে যায়। আর সেখানেই এক সাংবাদিকের জুতো খুলে গেলে, সেটি হাতে নিয়ে এগিয়ে দেন আলিয়া।
একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ছে। দেখা যাচ্ছে মা ও দিদিকে নিয়ে ডিনার শেষ করে বেরোচ্ছিলেন আলিয়া। আলোকচিত্রীদের ছবির অনুরোধ মিটিয়ে এগিয়ে যাচ্ছিলেন গাড়ির দিকে। সেই সময়ই অভিনেত্রীর ছবি তুলতে গিয়ে জুতো খুলে পড়ে যায় এক আলোকচিত্রীর। নায়িকাসুলভ আচরণ নয় বরং একেবারে সাধারণ মানুষের মতো সাহায্যের হাত বাড়িয়ে দেন আলিয়া. আলোকচিত্রীর জুতো নিজের হাতে তুলে তাঁর পা অবধি এগিয়ে দিলেন। অভিনেত্রী এহেন আচরণে প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকরা।
