
ভোপাল, ২৪ এপ্রিল : রাজস্থান থেকে আসা তীব্র দাবদাহে বিপর্যস্ত মধ্যপ্রদেশ। ভোপাল, জবলপুর, উজ্জয়িনী, নর্মদাপুরম এবং সাগর বিভাগের একাধিক শহরে কার্যত লু বইতে শুরু করেছে। শুক্রবারও রাজ্যের ১১টি জেলায় ‘হিট ওয়েভ’ বা তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পরিস্থিতি বিবেচনা করে নর্মদাপুরমে স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিওয়ারি, টিকমগড়, ছতরপুর, রাইসেন, নর্মদাপুরম, ছিন্দওয়ারা, সিওনি, রতলাম, ঝাবুয়া, ধার এবং আলিরাজপুর জেলায় তীব্র লু বইতে পারে।
গত বৃহস্পতিবার রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪.২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে নর্মদাপুরম ছিল রাজ্যের উষ্ণতম শহর। এছাড়া খজুরাহো (৪৩.৪ ডিগ্রি), নওগাঁও (৪৩ ডিগ্রি), সিধি (৪২.৬ ডিগ্রি) এবং দমোহ-সাগর-টিকমগড়ে তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে গেছে। বড় শহরগুলির মধ্যে জবলপুরে ৪১.৬ ডিগ্রি, ভোপালে ৪১ ডিগ্রি এবং গোয়ালিয়রে ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
দিনের পাশাপাশি রাতেও গরম থেকে রেহাই মিলছে না। ভোপালসহ একাধিক শহরে রাতের তাপমাত্রা ২৫ থেকে ২৭ ডিগ্রির মধ্যে থাকছে। নর্মদাপুরমে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রিতে পৌঁছে যাওয়ায় সেখানে ‘ওয়ার্ম নাইট’ বা উষ্ণ রাতের পরিস্থিতি তৈরি হয়েছে। যখন রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪.৫ থেকে ৬.৪ ডিগ্রি বেশি হয় এবং দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে থাকে, তখনই তাকে ‘ওয়ার্ম নাইট’ বলা হয়।
তবে এই হাঁসফাঁস করা গরম থেকে কিছুটা স্বস্তির খবরও দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এপ্রিলের শেষ দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আগামী ২৭ এপ্রিল গোয়ালিয়র, মোরেনা, সিওনি, বালাঘাট এবং মন্দলাসহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
