
নয়াদিল্লি, ২৪ এপ্রিল : যৌন নিপীড়নের অভিযোগে ভারতীয় কুস্তি জগৎ আবারও তোলপাড়। জাতীয় কুস্তি সংস্থার তৎকালীন সভাপতি ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে এবার সাত মহিলা কুস্তিগীর দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়ের করা হয়েছে নয়াদিল্লির কনট প্লেস থানায়। তাছাড়া দিল্লি মহিলা কমিশনের কাছেও একটি অভিযোগ দায়ের করেছেন মহিলা কুস্তিগিররা।
কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল বলেছেন, “একজন নাবালক সহ বেশ কয়েকজন মহিলা অভিযোগ করেছেন যে অভিযুক্ত ব্যক্তি কুস্তি সংস্থার দায়িত্বে থাকাকালীন তাঁদের বিরুদ্ধে যৌন হয়রানির করেছেন।" ডেপুটি পুলিশ কমিশনারের কাছে তাঁর চিঠিতে মালিওয়াল ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি করেছিলেন। ব্রিজ ভূষণের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কুস্তিগীররাও নয়াদিল্লির যন্তর মন্তরে আবার অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। এ নিয়ে বলতে গিয়ে অলিম্পিয়ান বজরং পুনিয়া বলেছেন: “আমরা এ নিয়ে কনট প্লেস থানায় অভিযোগ দায়ের করেছি।” অন্য কুস্তিগীররাও বলেছেন, "আমরা ক্রীড়া মন্ত্রকের কাছে এ নিয়ে প্রতিবাদ জানান সত্বেও কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমরা এই পদক্ষেপ নিয়েছি। পুলিশ এখন কি পদক্ষেপ নেয় সেদিকে লক্ষ্য রাখছি।" এ নিয়ে বজরং, ভীনেশ ফোগাত অসন্তোষ প্রকাশ করে বলেছেন, কেন্দ্রীয় সরকার-নিযুক্ত পর্যবেক্ষক কমিটির ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। কনট প্লেস থানার এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, “আমরা একটি অভিযোগ পেয়েছি এবং এফআইআর দায়ের করার আগে তদন্ত করছি। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
