
কলকাতা, ২০ এপ্রিল : আজ আইপিএলে কলকাতার সামনে সবচেয়ে দুর্বল দল দিল্লি ক্যাপিটালস। যারা এবার পাঁচটা ম্যাচ খেলে একটা ম্যাচও জিততে পারেনি। আজ তাদের সামনে কলকাতা নাইট রাইডার্স। পর পর দুটো ম্যাচে হারার পর এবার তাদের থাকছে জয়ের পথে ফিরে আসার সুযোগ। গত বছর আইপিএলে এতটা খারাপ পারফমেন্স ছিল না দিল্লির। এবার তো দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে কোচ রিকি পন্টিং, ডাইরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় দলের পারফরমেন্স ভালো করতে হিমশিম খাচ্ছেন।
আজ আইপিএলের ডাবল হেডার। দিনের দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হতে চলেছে এমন দু’টো দল যারা জয়ের জন্য মরিয়া। টানা ৫ ম্যাচে হেরে যেমন বিধ্বস্ত দিল্লি , তেমনি অন্যদিকে হারের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে থাকা কলকাতা নাইট রাইডার্স । কেন ব্যর্থ হচ্ছে দিল্লি? দেখা যাচ্ছে প্রতিটি ম্যাচেই দিল্লি তাদের দলের অনেক পরিবর্তন আনছে। দিল্লির বোলিং বিভাগতো কোনও দলকেই তাদের দেওয়া টার্গেট আটকে দিতে পারেনি। আর দিল্লির ব্যাটিং লাইন আপ নিয়ে রয়েছে বিরাট চিন্তা। কিছুটা হলেও একা অধিনায়ক ডেভিড ওয়ার্নার লড়াই করছেন। কিন্তু তার একার এই চেষ্টাতেই তো দল সাফল্য পেতে পারে না। বাকিদেরও কিছুটা দায়িত্ব নিতে হবে। একাদশে না থাকা ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে পৃথ্বী শ ওপেন করে রীতিমত ব্যর্থ। আজ প্রথম ম্যাচটা জিততে চাইলে দিল্লিকে ওপেনিং জুটি পরিবর্তন করতেই হবে।
কিন্তু কলকাতা আজ জয়ে ফিরতে মরিয়া।গত ম্যাচে নাইটদের সেঞ্চুরিয়ান ভেঙ্কি জানিয়েছেন তিনি দলের প্রয়োজনে এবার বল করতে তৈরি। কারন,এনসিএও তাঁকে বল করার জন্য অনুমতি দিয়েছে। তাছাড়া তিনি এবার আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নেমে ছাপ ফেলেছেন। যদিও
সেঞ্চুরি করে দলকে জেতাতে পারেনি। অরুণ জেটলি স্টেডিয়ামে সব সময়ই ব্যাটাররা বোলারদের তুলনায় সুবিধা বেশি পেয়ে থাকেন। ফলে আজ হতে পারে হাই স্কোরিং। তাই যদি হয় তাহলে কলকাতায় সুবিধা বেশি পাবে, কারণ তাদের ব্যাটিং বিভাগটা শক্তিতে দিল্লির চেয়ে অনেক এগিয়ে।
তাছাড়া আজকের ম্যাচে কলকাতা অনেক এগিয়ে দিল্লির থেকে স্পিনিং বিভাগে। যে ম্যাচগুলিতে কেকেআরে জিতেছে সেখানে দেখা যাচ্ছে স্পিনাররা বড় ভূমিকা রেখেছে। নাইটদের ফাস্ট বোলিং ত্রয়ী লকি ফার্গুসন, উমেশ যাদব এবং শার্দূল ঠাকুররা এবার তেমন ছাপ ফেলতে পারছেন না। সম্মিলিতভাবে মাত্র ন’টি উইকেট নিয়েছেন তাঁরা। তবুও এদের ওপর নির্ভর কলকাতা করতেই পারে।
