কলকাতা, ২ অক্টোবর : আর দুদিন বাদেই শুরু হচ্ছে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ। এই বিশ্বকাপ কারও জন্য হবে প্রথম বিশ্বকাপ। আবার কারও হতে চলেছে জীবনের শেষ বিশ্বকাপ। এই তালিকায় আছেন কারা তা একবার দেখে নেওয়া যাক। এই তালিকায় স্বাগতিক ভারত দলের বেশ কিছু সিনিয়র ক্রিকেটার রয়েছেন।এদের মধ্যে আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনরা।এটাই যে তাদের শেষ বিশ্বকাপ তা বলা যেতেই পারে। সুতরাং শিরোপা জিতে তারা স্মরণীয় করে রাখতে চাইবেন।
এই বিশ্বকাপের পর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলটার মধ্যে আসতে পারে বড় পরিবর্তন। এই দলের বেন স্টোকস, জো রুট, জস বাটলারদের জন্য এটাই হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ। অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার এই তালিকায় আছেনই, সেইসঙ্গে স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, মিচেল স্টার্কদের এই বিশ্বকাপ হয়তো শেষ বিশ্বকাপ হতে চলেছে। এদিকে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের জন্যও শেষ বিশ্বকাপ। পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিরও বয়স বাড়ছে। সুতরাং এ আসরই যে তাদের শেষ বিশ্বকাপ হতে চলেছে তা বলা যেতেই পারে।
আফগানিস্তানের মোহাম্মদ নবী, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক আর ডেভিড মিলার, শ্রীলংকার দিমুথ করুনারত্নে,বাংলাদেশের শাকিব, মুসফিক,মাহমুদুল্লার জন্যও এই বিশ্বকাপই হতে পারে শেষ।
