
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবিশ্বকাপের পরের ম্যাচ খেলতে নবাবের লখনউয়ে রোহিত শর্মা ও তাঁর টিম ইন্ডিয়া। তবে তার আগে বিমান বিভ্রাটের জেরে ধর্মশালাতে অপেক্ষা করতে হল ভারতীয় দলকে। নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা পর হিমাচল থেকে উত্তরপ্রদেশ এসে হাজির হয় ভারতীয় দল।
বিশ্বকাপের জন্য ভারতীয় দলের বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, ওই বিমানে যান্ত্রিক ক্রটি ছিল। সেই কারণে হিমাচল থেকে উড়ান ছাড়তে দেরি হয়। ভারতীয় দল লখনউ এলেও, আসেননি চোট পাওয়া হার্দিক পান্ডিয়া।
লখনউ আসার আগে কিন্তু বুধবার খোশ মেজাজে পাওয়া যায় ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় ও তাঁর সতীর্থদের। প্রথম বিক্রম রাঠোর, পরশ মামরেদের নিয়ে ট্রেক করতে বেড়িয়ে পড়েন ভারতের কোচ। তারপর ঝরনার জলে স্নান করতে দেখা যায় ভারতীয় দলের দুই রাহুলকে।
আগামী রবিবার একনা স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। এই ম্যাচ জিততে পারলেই সেমিফাইনালে ওঠার রাস্তা ভারতের কাছে মসৃণ হয়ে যাবে। কারণ, এই টুর্নামেন্টে নকআউটে উঠতে ম্যাজিক ফিগার ১২ পয়েন্ট।
