
হানঝাউ, ২৮ সেপ্টেম্বর : চিনের এশিয়ান গেমসের পর কেটে গেছে দীর্ঘ ১৩ বছর। এই সময়টায় এশিয়ান গেমস ফুটবলের নক আউটে উঠতে পারেনি ভারত। সেবার চিনের গুয়াংঝৌ গেমসে নক আউট পর্যায়ে শেষ বার খেলেছিল ভারত। সেবার জাপানের কাছে হেরে গিয়েছিল ভারত। এবার সেই চিনেই ভারত এশিয়ান গেমসের নকআউট উঠেছে। বৃহস্পতিবার বিকেলে সুনীলদের সামনে এশিয়ার আরও এক শক্তিশালী দেশ সৌদি আরব। শক্তির দিক থেকে ভারতের চেয়ে অনেক
এগিয়ে। এই দলটার সিনিয়র ফুটবলাররাই বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল। তাই ভারতের কাছে লড়াইটা বেশ কঠিন। যদিও ভারতীয় দলকে ঘিরে আশাবাদী কোচ ইগর স্টিমাচ। এশিয়ান গেমসের দল থেকে ভবিষ্যতের ফুটবলারদেরও খুঁজে পেয়েছেন তিনি এমনটাই বলছেন। অথচ এশিয়ান গেমসে যাওয়ার সময় এই দলটাকে নিয়ে খুব একটা আশাবাদী ছিলেন না।এশিয়ান গেমসে চীনের কাছে হারার পর দুটি ম্যাচে দল যে পারফরম্যান্স দেখিয়ে নকআউট পর্যায়ে উঠে এসেছে তাকে দারুন খুশি কোচ। তিনি বলছেন, ‘যে পরিস্থিতির মধ্যে দিয়ে লড়াই করে ছেলেরা নক আউটে উঠে এসেছে তাতে আমি খুশি। ছেলেদের কৃতিত্ব প্রাপ্য।' একই সঙ্গে তিনি বলেছেন, ‘এই দল থেকে এমন অনেককে খুঁজে পেয়েছি যারা ভারতীয় দলের আগামী দিনের সম্পদ হতে পারে। আজ সৌদির বিরুদ্ধে সুনীল ছেত্রীর নেতৃত্বে এই দলটা যথেষ্ট ভালো খেলবে আমি মনে করি।'
