
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মনোজ তিওয়ারির ক্রিকেট সফরের শুরুটা হয়েছিল ২০০৪ সালে। তারপর কেটে গেছে টানা ২০ বছর। মাঝামাঝি সময় একবার অবসরের ঘোষণা করেও সিদ্ধান্ত বাতিল করেন মনোজ। প্রত্যাবর্তন করেছিলেন ২২ গজে। শুক্রবার তিনি শেষবারের মত বাংলার হয়ে ইডেনে খেলতে নামছেন। তাই স্বাভাবিক ভাবেই তিনি আবেগতাড়িত। তবে শেষ ম্যাচ ইডেনে খেলার সুযোগ পাওয়ায় তিনি খুশি ৷ বললেন, ‘ইডেনেই শুরু করেছিলাম, ইডেনেই শেষ করতে পেরে ভালো লাগছে ৷’
বিহারের বিরুদ্ধে ক্যারিয়ারের শেষ রঞ্জি ম্যাচ খেলতে নামার আগে স্মৃতির সরণিতে মন্ত্রী মনোজ। শুক্রবার ইডেনে বিহারের বিরুদ্ধে খেলতে নামছে বাংলা। চলতি মরশুমের এটাই বাংলার শেষ ম্যাচ। কারণ নকআউট পর্বে যাওয়ার আর কোনও সুযোগ নেই। তবে ক্রিকেটীয় যুক্তি-তর্ক, পয়েন্টের হিসেব নিকেশ ছাপিয়ে মনোজ তিওয়ারির অবসরই এখন আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আর মনোজের বিদায়কে স্মরণীয় করে রাখতে চায় সিএবি-ও। রবিবার বাংলা-বিহার ম্যাচের তৃতীয় দিনে সিএবি তাঁদের অধিনায়ককে সংবর্ধিত করবে। বিরাটকে যেভাবে সোনার ব্যাট উপহার দেওয়া হয়েছিল জন্মদিনে। মনোজের জন্য থাকছে সেই একই রকম ডিজাইনের শহরের নামকরা সোনার দোকান থেকে তৈরি ক্রিকেট ব্যাট।
