
বিশাখাপত্তনম, ২৩ নভেম্বর : ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ বৃহস্পতিবার বিশাখাপত্তনমে শুরু হবে। একদিনের বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামতে চলেছে ভারতীয় দল। অধিনায়ক রোহিত শর্মা ছাড়াও বিরাট কোহলি-সহ বেশ কয়েকজন ক্রিকেটারকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন সূর্য কুমার যাদব। সহ অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। অন্যদিকে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড।
আগামী রবিবার তিরুবনন্তপুরমে দ্বিতীয় এবং গুয়াহাটিতে ২৮ শে নভেম্বর তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাকি দুটি ম্যাচ হবে পয়লা ও তেসরা ডিসেম্বর রায়পুর ও বেঙ্গালুরুতে। বিশ্বকাপ ফাইনালের ৪ দিনের মধ্যে আবারও দুই দল আজ বিশাখাপত্তনমে নামছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলতে। বিশ্বকাপজয়ী দলের আট সদস্য গতকাল দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে আছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড, অ্যালেক্স ক্যারি, ডেভিড ওয়ার্নার ও মারনাস লাবুশেন, ক্যামেরন গ্রিন ও মিচেল মার্শ। টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে রয়ে গিয়েছেন হেডের সঙ্গে স্টিভেন স্মিথ, অ্যাডাম জাম্পা, মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, গ্লেন ম্যাক্সওয়েল ও জশ ইংলিস।
