
হানঝাউ : এশিয়ান গেমসে ভারতের পদকতালিকায় যোগ হল আরও একটি সোনা। শুক্রবার হকিতে ৫-১ গোলে জাপানকে হারিয়ে সোনা জিতল ভারত । জোড়া গোল করলেন হরমনপ্রীত সিংহ। একটি করে গোল মনপ্রীত সিংহ, অমিত রোহিদাস এবং অভিষেকের। এ বারের এশিয়াডে এই নিয়ে এখনও পর্যন্ত ২২টি সোনা জিতল ভারত।
চলতি এশিয়াডের লিগ পর্বে এই জাপানের বিরুদ্ধে ৪-০ গোলে এগিয়ে থাকার পরেও, শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জিতে মাঠ ছেড়েছিল ক্রেগ ফুলটনের ছেলেরা। ফলে বোঝা যাচ্ছিল মেগা ফাইনালে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। জাপান গতবারের এশিয়ান গেমসে সোনা জিতেছিল। এবার সেই সোনা ছিনিয়ে নিতে মরিয়া ছিল ভারত। আর সেটাই হল। মেগা ফাইনালে বিপক্ষকে হেলায় হারিয়ে দেওয়ার সঙ্গে, এশিয়ান গেমসের ইতিহাস অনন্য রেকর্ড গড়ল ভারত। সেই রেকর্ড হল জাপানের বিরুদ্ধে এখনও পর্যন্ত অপরাজিত রইল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড।
এদিন প্রথম দিকে জাপানের গতির সঙ্গে তাল মেলাতে গিয়ে সমস্যায় পড়লেও তৃতীয় কোয়ার্টারে ভারত এগিয়ে যায় ৩ গোলে। গোল করেন ভারতের হরমনপ্রীত ও অমিত রোহিদাস। চতুর্থ কোয়ার্টারে চতুর্থ গোল আসে অভিষেকের স্টিক থেকে। বক্সের মধ্যে দ্রুত আক্রমণে ঢুকে পড়েছিল ভারত। কোনাকুনি শটে গোল করেন অভিষেক। শেষ কোয়ার্টারে একটি গোল শোধ করে জাপান। গোল করেন তানাকা। ৪১ সেকেন্ড আগে পেনাল্টি কর্নার থেকে শেষ গোল হরমনপ্রীতের।
উল্লেখ্য, গত এশিয়াডে ভারত হকিতে ফাইনালে উঠতে পারেনি। সেমিফাইনালে হেরে গিয়ে ব্রোঞ্জ দখলের লড়াইয়ে লড়াইয়ে নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে। সেই খেলায় পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল ভারত।
