
লিভারপুল, ২৭ ডিসেম্বর : শুরুতেই আক্রমণাত্মক ফুটবলে। তারপর গোলের জালের দেখা পেল লিভারপুল। এরপর চলল আক্রমনের পর আক্রমন। আক্রমণগুলো একের পর এক মুখ থুবড়ে পড়ছিল বার্নলি গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডের সামনে। পোস্টও বাধা হয়ে দাঁড়াচ্ছিল। তবে শেষ পর্যন্ত জাল অক্ষত রেখে স্বস্তির জয় তুলে নিল ইয়ুর্গেন ক্লপের দল, উঠে এলো লিগ টেবিলের শীর্ষে।
বার্নলির মাঠে মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে ২-০ গোলে জিতেছে লিভারপুল। প্রথমার্ধ দারউইন নুনেস দলকে এগিয়ে দেন।এরপর দ্বিতীয়ার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন দিয়োগো জটা। টানা দুই ম্যাচ ড্রয়ের পর লিগে জয়ে ফিরল লিভারপুল। ১৯ ম্যাচে ১২ জয় ও ছয় ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে ‘অলরেড’ খ্যাত দলটি।
