
মুম্বই : ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স মহিলাদের টিম ইন্ডিয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট যে টিম ইন্ডিয়া জিতবে তা প্রায় দ্বিতীয় দিনেই আন্দাজ পাওয়া গিয়েছিল। হলও তাই। টেস্টের ঠিক আড়াই দিনের মাথায় ইংল্যান্ডকে হারিয়ে দিল ভারত। সেই সঙ্গে ২৫ বছর আগের রেকর্ড ভেঙে দিলেন দীপ্তি শর্মা, হরমনপ্রীত কৌররা। ভারতের অলরাউন্ড পারফরম্যান্সের ধারে কাছে পেতে পারল না ইংল্যান্ডের মেয়েরা।
প্রথম ইনিংসে ৪২৮ রান করে ভারত। মাত্র ১৩৬ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া ১৮৬ রান তুলে ডিক্লেয়ার করে দেয়। জিততে হলে ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে তুলতে হত ৪৭৯ রান। সেখানে ১৩১ রানেই অলআউট হয়ে ইংল্যান্ড। ৩৪৭ রানের বিরাট ব্যবধানে জিতে যায় হরমনপ্রীত কৌরের ভারত।
ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটে-বলে সুপারহিট দীপ্তি শর্মা। তিনি একাই নাকানি চোবানি খাইয়ে ছাড়লেন সিংহীদের।প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২৮ রান তোলে ভারতের মেয়েরা। ওই ইনিংসে তিনি ১১৩ বলে করেছিলেন ৬৭ রান। দ্বিতীয় ইনিংসেও করেন কুড়ি রান।শুধু ব্যাট হাতেই যে দীপ্তি উজ্জ্বল ছিলেন তেমনটা নয়। ২ ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেন দীপ্তি।সেই সঙ্গে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন বাংলার ২৬ বছর বয়সী অলরাউন্ডার দীপ্তি শর্মা।
