
হারারে, ২০ এপ্রিল : মাত্র কিছুদিন আগেই জিম্বাবুয়ের হয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করেছিলেন গ্যারি ব্যালান্স। কিন্তু এই পথচলার শুরুতেই অনুভব করলেন, নতুন করে এগোনোর প্রেরণাই নেই তার ভেতরে। তাই নিজের সঙ্গে লড়াই না করে ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার ক্রিকেটকে বিদায় জানালেন। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ২৩ টেস্ট খেলে ৪টি সেঞ্চুরি করেন ব্যালান্স। ইংলিশদের হয়ে ওয়ানডে খেলেন তিনি ১৬টি। এরপর থমকে যায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার। তবে কাউন্টি ক্রিকেটে খেলছিলেন তিনি নিয়মিতই।
তাঁর ক্যারিয়ার হোঁচট খায় ইয়র্কশায়ারে আজিম রফিককে ঘিরে বর্ণবাদের বিতর্কে। যেখানে দলটির আরও ৬ জনের সঙ্গে অভিযোগ ওঠে তার বিরুদ্ধেও। মানসিক অবসাদের কারণে লম্বা সময় মাঠের বাইরেও থাকতে হয় তাকে। ২০২২ মৌসুমের শেষ দিকে তাকে চুক্তি থেকে ছেড়ে দেয় ইয়র্কশায়ার। পরে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরুর আশায় পাড়ি জমান জন্মভূমি জিম্বাবুয়েতে, যাদের হয়ে খেলেছিলেন তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। গত ডিসেম্বরে জিম্বাবুয়ের ক্রিকেটের সঙ্গে দুই বছরের চুক্তিও করেন তিনি। এরপর তিন মাস পর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন।
