
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লিভারপুল সোমবার লিডস ইউনাইটেডকে ৬-১ গোলে পরাজিত করে ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচ পর জয়ের মুখ দেখেছে। ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে পরাজিত করার পর ছয় সপ্তাহর বেশী সময় ধরে লিভারপুল ছিল জয়বিহীন। কিন্তু সোমবার তারা আবার দারুন খেলে একটি জয়ের মুখ দেখলো।
কোডি গ্যাকপোর গোলের পর মোহামেদ সালাহ গোল করলে বিরতির আগেই ২-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধে সালাহ তার দ্বিতীয় ও দিয়েগো জোতা জোড়া গোল করেন। এর পর বদলি হিসেবে মাঠে নেমে একটি গোল করেন ডারউইন নুনেজ। এর ফাকে অবশ্য লিডস একটি গোল পরিশোধ করে। তারা দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই লুইস সিনিস্টেরার গোলে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তোলার আভাস দিয়েছিলেন। কিন্তু লিভারপুলের আক্রমনভাগের খেলোয়াড়রা এদিন প্রতিপক্ষকে ঘুরে দাড়ানোর কোন সুযোগই দেননি।
লিডসের রক্ষণভাগ চলতি মৌসুমে মোটেও ভাল করতে পারছে না। চলতি মৌসুমে লিগে তারা এখন পর্যন্ত গোল হজম করেছে ৬০টি। আর কোন দল এত গোল খায়নি।
এ ম্যাচ জেতার পরও লিভারপুল আছে তালিকার অষ্টম স্থানে। তারা ব্রাইটনের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে আছে। লিডসের অবস্থান ১৬তম।
বড় ব্যবধানে জয়ী হওয়ায় বেশ খুশী লিভারপুলের কোচ ইয়োর্গেন ক্লপ। তিনি মনে করেন এ ম্যাচেই লিভারপুল চলতি মৌসুমে সবচেয়ে ভাল খেলেছে। তিনি বলেন, ‘আমি এ ম্যাচের ৯২্িট মিনিট দারুন উপভোগ করেছি। ৬-১ গোলে এগিয়ে থাকা অবস্থায়ও বলের দখল হারালে সেটি পুনরুদ্ধারে চারজন খেলোয়াড় চেষ্টা করেছে। সব মিলিয়ে চলতি মৌসুমে আমাদের খেলা সেরা ম্যাচ এটি।’
লিভারপুলের প্রথম গোলটি হয় ৩৪ মিনিটে এবং সেটি ছিল কিছুটা বিতর্কিত। গোলের আক্রমন শুরুর দিকে বল নিয়ন্ত্রন করার সময়ে আর্নল্ডের হাতে বল লাগলেও রেফারি সে্িট এড়িয়ে যান। এর পর তিনি সেটি দেন সালাহকে এবং ফেরতও পান। তার পরের পাস থেকেই গোল করেন গ্যাকপো। সবাইকে অবাক করে দিয়ে ভিএআর রেফারিও বিষয়টি এড়িয়ে যান। তবে দ্বিতীয় গোল নিয়ে কোন সংশয় ছিল না। মাঝ মাঠে জোতা বল কেড়ে নিয়ে সালাহকে দিলে তিনি দারুন শটে গোল করেন। চার মিনিটের মধ্যে দুই গোল করে লিভারপুল ম্যাচের নিয়ন্ত্রন পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নেয়। দ্বিতীয়ার্ধেও সে ধারা বজায় থাকে এবং আরো চারটি গোল করে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।
