
উত্তরকাশি, ২৩ নভেম্বর : টানা ১২ দিনের অপেক্ষার এবার অবসান হতে চলেছে, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে উত্তরাখণ্ডের উত্তরকাশির সিল্কয়ারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসতে চলেছেন আটকে থাকা ৪১ জন শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে উত্তরকাশির জেলাশাসক জানিয়ে ছিলেন, "অধিকাংশ দূরত্ব পূরণ হয়েছে, আর মাত্র সামান্য কাজ বাকি।" এদিনই সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা গব্বর সিং নেগি ও সাবা আহমেদ নামে ওই শ্রমিকের সঙ্গে কথা বলেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী তাঁদের সুস্থতার কামনা করেছেন এবং আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই তাঁদের বের করে আনা হবে।
ঋষিকেশের এইমস-কে তৈরি রাখা হয়েছে। ডাঃ নারিন্দর কুমার বলেছেন, "যদি প্রয়োজন হয়, উদ্ধার হওয়া সবাইকে ঋষিকেশ এইমস-এ আনার পরিকল্পনা রয়েছে। সরকার উত্তরকাশির জেলা হাসপাতালেও ব্যবস্থা করেছে। প্রথমে তাঁদের সেখানে নিয়ে যাওয়া হবে। এখানেও ব্যবস্থা করা হয়েছে। তাঁদের জন্য ট্রমা, আইসিইউ বেড সংরক্ষিত আছে।" সুড়ঙ্গের বাইরে প্রস্তুত রাখা হয়েছে ৩১টি অ্যাম্বুলেন্স।
গাড়ওয়াল রেঞ্জের আইজি কে এস নাগন্যাল বলেছেন, "উদ্ধার চেষ্টা চলছে এবং খুব শীঘ্রই উদ্ধার করা হবে বলে আশা করা হচ্ছে...এটি যন্ত্রপাতির কাজ তাই একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা যাচ্ছে না...উদ্ধার কাজ চলবে রাতেও।" উত্তরাখণ্ডের সেক্রেটারি এবং সিল্কয়ারা উদ্ধার অভিযানের নোডাল অফিসার নীরজ খয়েরওয়াল বলেছেন, "উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল ভি কে সিং (অবসরপ্রাপ্ত) ভিতরে আটকে পড়া শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের মনোবল অনেক বেশি। শ্রমিকরা আমাদের বলেছেন, তারা ভালো আছেন। প্রয়োজনীয় ওষুধ পাঠানো হয়েছে। আমাদের মনোরোগ বিশেষজ্ঞ এবং মানসিক স্বাস্থ্য চিকিৎসকরা আটকে পড়া ৪১ জন শ্রমিকের সঙ্গে কথা বলেছেন। অভ্যন্তরে তাঁদের কোনও সমস্যা নেই।"
