
উত্তরকাশি, ২৬ নভেম্বর : খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল, তবুও যেন এখনও অনেকটাই বাকি। দেখতে দেখতে ২৬ নভেম্বরও চলে এল, উত্তরকাশির সিল্কয়ারা সুড়ঙ্গে এখনও আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। গত ১২ নভেম্বর থেকে আলো দেখতে পাননি এই ৪১ জন শ্রমিক। প্রতিদিনই মনে হচ্ছে আজকেই মিলবে সুড়ঙ্গ যুদ্ধে জয়লাভ, কিন্তু কিছু না কিছু কারণে ব্যাঘাত ঘটছে।
আর তাই বাইরে বের করাও সম্ভব হচ্ছে না সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের। আর কত সময় লাগবে তাও কেউ বলতে পারছেন না। উদ্ধারকারী দল অবশ্য নিজেদের যথাসাধ্য চেষ্টা করছেন। তবুও যুদ্ধ জয় হচ্ছেই না। সুড়ঙ্গের ভিতরে যেখানে উদ্ধারকারী দলের সদস্যরা কাজ করছেন সেখানে সুরক্ষা ছাতা তৈরির কাজ চলছে। পাশাপাশি আটকে পড়া শ্রমিকরা যাতে নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে সক্ষম হন, তাই বিএসএনএল-এর ল্যান্ডলাইন সুবিধা স্থাপন করা হয়েছে।
