
দান্তেওয়াড়া, ২ ডিসেম্বর : ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় বোমা বিস্ফোরণে দুজন জওয়ান আহত হয়েছেন। শনিবার আইইডি বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ ঘটেই দুজন আহত হন বলে জানা গিয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নকশালদের লাগানো ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের ফলেই দুজন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর কর্মী আহত হয়েছেন। সিআরপিএফের একজন আধিকারিক জানিয়েছেন, এদিন সকালে ঘটনাটি ঘটে। শনিবার সকালে নিরাপত্তা কর্মীরা বারসুর থানার সীমানার অধীনে ইন্দ্রাবতী নদীর উপর একটি সেতুর কাছে আইইডি দেখতে পায়। তারপর তাঁরা বিস্ফোরকটিকে নিষ্ক্রিয় করছিলেন, এমন সময় সেটি বিস্ফোরণ ঘটে দুজন জওয়ান আহত হয়।
নকশালদের গতিবিধি সম্পর্কে একটি গোপন তথ্যের ভিত্তিতে সিআরপিএফের ১৯৫ তম ব্যাটালিয়নের একটি দলকে সেখানে পাঠানো হয়েছিল। তারাই আইইডিটি নিষ্ক্রিয় করতে গিয়ে আহত হয়।
