
জয়পুর, ২০ আগস্ট : রাজ্যজুড়ে ফের সক্রিয় হয়ে উঠেছে বর্ষা। রবিবার সকাল থেকে হালকা বৃষ্টিতে জয়পুরের আবহাওয়া মনোরম হয়ে উঠেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্মচাপ তৈরি হয়েছে। শনিবার থেকে মৌসুমী বায়ু আবার সক্রিয় হয়েছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ২০ এবং ২১ আগস্ট পর্যন্ত যোধপুরের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা আছে। হাওয়া অফিসের সর্বশেষ রিপোর্টের ভিত্তিতে জানা গিয়েছে, ২০ আগস্ট কোটা, জয়পুর, ভরতপুর, উদয়পুর এবং আজমির বিভাগের বেশকিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সাতটি জেলায় রবিবার সকাল ৮টায় বৃষ্টির সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস। জয়পুর, আজমির, পালি, বুন্দি, চিতোরগড়, ভিলওয়ারা এবং ঝালাওয়ারে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। ১৯ থেকে ২৩ আগস্ট পর্যন্ত ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট হলুদ সতর্কতা জারি করেছে। এই অনুসারে ২০ আগস্ট ১৯টি জেলায়, ২১ আগস্ট ১৩টি জেলায়, ২২ আগস্ট ১১টি জেলায় এবং ২৩ আগস্ট রাজস্থানের ৯টি জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
