শ্রীনগর, ২৭ সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় সন্দেহজনক বিস্ফোরণ হল একটি গাড়ির মধ্যে। এই বিস্ফোরণে কমবেশি আহত হয়েছেন ৮ জন শ্রমিক। পুলিশ দাবি করেছে, এই বিস্ফোরণের সঙ্গে সন্ত্রাসের কোনও যোগ নেই।
বুধবার সকালে অনন্তনাগ জেলার লারকিপোরা এলাকায় একটি গাড়ির মধ্যে বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে, সন্দেহজনক এই বিস্ফোরণে আহত হয়েছেন ৮ জন। স্থানীয় একটি বাজারের কাছে বুধবার সকালে এই বিস্ফোরণ হয়, বিস্ফোরণের শব্দে স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। আহতরা কেউ জম্মু ও কাশ্মীরের বাসিন্দা নন বলে জানা গিয়েছে, পুলিশ আহতদের হাসপাতালে নিজে ভর্তি করেছে।
পুলিশ আরও জানিয়েছে, একটি সিমেন্ট মিক্সিং মেশিনে এই বিস্ফোরণ হয়। ৮ জন শ্রমিক বিস্ফোরণে দ্বগ্ধ হয়েছেন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই স্থিতিশীল। এই ঘটনার সঙ্গে সন্ত্রাসের কোনও যোগ নেই বলে জানিয়ে দিয়েছে পুলিশ।
