নয়াদিল্লি, ৪ ডিসেম্বর : সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দেওয়ার আগে, বিরোধী সাংসদরা সোমবার রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠক করেন। সোমবার কংগ্রেসের পক্ষ থেকে এক্স-এ পোস্ট করে বৈঠকের বিষয়টি জানানো হয়। এক্স-এ কংগ্রেস লেখে যে, সোমবার কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধীদলের নেতা মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বিরোধী দলগুলির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে সংসদ অধিবেশন নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, ৪ ডিসেম্বর সোমবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশন চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। অধিবেশন চলাকালীন মোট ১৯টি বিল সংসদে উপস্থাপন করা হবে বলেও জানা গিয়েছে।
