
নয়াদিল্লি, ৪ আগস্ট : সংসদের কাজকর্ম পন্ড করার জন্য বিরোধীদের ভূমিকার তীব্র নিন্দা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। শুক্রবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, বিরোধীদের কাছে কোনও যুক্তি ও তথ্য নেই, তাই পালিয়ে যাচ্ছে।
বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার দিল্লির আমলা নিয়ন্ত্রণ নিয়ে বিল পাশ হয়ে গিয়েছে লোকসভায়। সে বিষয়ে বলতে গিয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, দিল্লির বিলের বিষয়ে তাঁরা নিজেদের অবস্থান সামনে রাখতে পারেননি। এটা পরিষ্কার যে এখনও পর্যন্ত বিরোধীরা শুধুমাত্র দেশের মানুষকে ''লোক দেখানোর'' কাজ করেছেন। তাঁরা দেশের সময় ও অর্থ অপচয় করেছেন। প্রথম দিন থেকেই সিদ্ধান্ত হয়েছিল মণিপুর নিয়ে আলোচনা হবে। বিরোধী দল কেন পালিয়ে যাচ্ছে? কারণ তাঁদের কাছে কোনও যুক্তি অথবা তথ্য নেই।"
