
নয়াদিল্লি, ৬ নভেম্বর : দিল্লির মাত্রাছাড়া দূষণ রুখতে সোমবার দুপুরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ডাকা উচ্চপর্যায়ের জরুরি বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ফের জোড়-বিজোড় নম্বর-প্লেটের গাড়ির বিধিনিষেধ ফেরানোর সিদ্ধান্ত হল। তবে তা লাগু হবে দিওয়ালির পরে। পাশাপাশি চলতি সপ্তাহ থেকেই সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্তের কথাও জানালেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই।
সোমবার কেজরিওয়ালের নেতৃত্বে বৈঠকের পর গোপাল রাই জানান, দূষণ পরিস্থিতির কারণে নভেম্বরের ১০ তারিখ সব স্কুল বন্ধ রাখা হবে। বোর্ড পরীক্ষার কারণে কেবল দশম এবং দ্বাদশ শ্রেণির ক্লাস নেওয়া হবে স্কুলগুলিতে। উল্লেখ্য, এর আগে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে পঞ্চম শ্রেণি অবধি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। অন্যদিকে ফেরানো হচ্ছে জোড়-বিজোড় নম্বর-প্লেটের গাড়ির বিধি। দিল্লি সরকারের দাবি, রাস্তাায় গাড়ির সংখ্যা কমলে দূষণ অনেকটাই কমানো যাবে। দিওয়ালি ডিঙোলেই ১৩-২০ নভেম্বর অবধি এই বিধিনিষেধ চালু হবে। পরিস্থিতির উপর নজর রেখে এই বিধিনিষেধের সময়সীমা বাড়নাও হতে পারে।
উল্লেখ্য, সপ্তাহ খানিক ধরে চলা ধোঁয়াশার জেরে রাজধানীতে ভিন রাজ্যের ডিজেল চালিত গাড়ি ঢোকায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। পাশাপাশি নির্মাণ কাজ সম্পূর্ণ বন্ধ থাকবে আপাতত। এছাড়াও বিএস৩ পেট্রল এবংবিএস৪ ডিজেল গাড়ির নিষেধাজ্ঞা আগের মতোই থাকছে। এইসঙ্গে উৎসবের মরশুমে বড় সমস্যা আতশবাজী। আগের মতোই আতশবাজী ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি থাকছে।
