
শিমলা, ২৭ অক্টোবর: হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু দিল্লির এআইআইএমএস-এ চিকিৎসার জন্য রওনা হয়েছেন। পেটে সংক্রমণের কারণে শিমলার আইজিএমসি-তে ভর্তি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের পরামর্শে শুক্রবার সকাল ১০টায় হেলিকপ্টারে করে দিল্লির উদ্দেশে রওনা হন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।
শিমলার সরকারী আধিকারিক সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য ভাল আছে, তবে আরও ভাল চিকিৎসা পরিষেবার জন্য তাঁকে এইমস-এ নিয়ে যাওয়া হচ্ছে। সেজন্যই তিনি দিল্লির এইমসের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বুধবার গভীর রাতে মুখ্যমন্ত্রীর পেটে ব্যথা হয়। এরপর তাঁকে আইজিএমসিতে নিয়ে আসা হয়। আইজিএমসি প্রশাসন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে ছজন চিকিৎসকের একটি দল গঠন করেছিল। কয়েক মাস আগেও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের অবনতি হয়েছিল। জুন মাসে মুখ্যমন্ত্রী মোহালির একটি বেসরকারি হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি ছিলেন। এরপরে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে পুরো রাজ্যে ভ্রমণ করেন। সম্প্রতি, মুখ্যমন্ত্রী কুল্লু, মান্ডি এবং বিলাসপুর জেলা পরিদর্শন করে সেখানে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করেছিলেন। তারপর আবারও বুধবার সুখু অসুস্থ হয়ে পড়েন।
