
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার নীতীশ কুমার (Nitish Kumar), অখিলেশ যাদব (Akhilesh Yadav)। বুধবার দিল্লিতে কংগ্রেসের ডাকা বিরোধী INDIA জোটের বৈঠকে যাচ্ছেন না জোটের অন্যতম শরিক এই দুই নেতাও। আর সম্ভবত তাঁদের অনুপস্থিতির কারণে বৈঠকই স্থগিত হয়ে গেল। বুধবার দিল্লিতে হচ্ছে না INDIA জোটের বৈঠক। তাহলে কি এবার বিরোধী-জোটে কংগ্রেসের দাদাগিরি কমছে? এমন প্রশ্ন-ই উঠছে রাজনৈতিক মহলে।
তিন রাজ্যে ভরাডুবির পরই ইন্ডিয়া জোটের বৈঠকের ডাক দিয়েছিল কংগ্রেস। বুধবার দিল্লিতে নিজের বাসভবনে বৈঠকের ডাক দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। কিন্তু, হঠাৎ করে কংগ্রেসের একতরফাভাবে বৈঠক ডাকার সিদ্ধান্তে অসন্তোষ দেখা দেয় ইন্ডিয়া জোটে। এতদিন কংগ্রেস কী করছিল, তা নিয়েও প্রশ্ন তোলেন জোট শরিকেরা। ফলে জোট শরিকদের অনেকেরই এই বৈঠকে যোগ দেওয়া নিয়ে সংশয় দেখা দেয়। আবার বৈঠকে আহ্বান করা হয়নি বলে দাবি জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে, বুধবারের বৈঠকের প্রাসঙ্গিকতা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে। পরিস্থিতি বুঝেই এবার কংগ্রেস নেতৃত্ব খানিক পিছু হটে ইন্ডিয়া-র বৈঠক স্থগিত করে দিল বলে সূত্রের খবর।
INDIA জোটের বৈঠক নিয়ে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, “আমার কাছে এই বিষয়ে কোনও তথ্য নেই। আমাকে ফোনেও কিছু জানানো হয়নি। তাছাড়া আমি তো উত্তরবঙ্গ চলে যাচ্ছি। ৬ তারিখ সন্ধ্যায় হয়তো পৌঁছব। ওখানে কয়েকদিন থাকব। কিন্তু যদি জানতাম, তাহলে অন্যরকমভাবে প্রোগ্রাম সাজাতাম। এই মুহূর্তে আর কী করে কিছু বদল করব?” ফলে তৃণমূল যে বৈঠকে থাকবে না, তা স্পষ্টই হয়ে গিয়েছিল। এবার জেডি(ইউ)-র নীতীশ কুমার এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদবও বৈঠক এড়িয়ে গেলেন। এর পরই বৈঠক স্থগিতের কথা ঘোষণা করা হয়। তেইশের শেষে তিন রাজ্যে কংগ্রেসের ভরাডুবি চব্বিশের আগে বিরোধী জোটে বড়সড় ফাটল ধরাচ্ছে, তা স্পষ্ট।
