
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশের লোকসভা নির্বাচনের আগে আবারও বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র সরকার। সম্প্রতি, উজ্জ্বলা যোজনার আওতায় গ্রাহকদের ভর্তুকি বৃদ্ধি করা হয়েছে। তার আগে রাখির সময়ে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রেও এলপিজি-র দামে ছাড় দেওয়া হয়েছিল। এরপর ফের একবার মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে, যে গ্যাসের দামে আরও ছাড় দিতে পারে মোদী সরকার।
একইসঙ্গে, উজ্জ্বলা যোজনার আওতায় আরও বেশি সংখ্যক গ্রাহককে নিয়ে আসার দিকেও মনোনিবেশ করেছে সরকার। মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতেই সরকার গ্যাস সিলিন্ডারে ভর্তুকির ঘোষণা করতে পারে।
সেপ্টেম্বর মাসে দেশে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৫.২০ শতাংশ। সরকার আরবিআইকে মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশ থেকে ৬ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে। এর আগে জুলাই মাসে দেশে মুদ্রাস্ফীতির হার রেকর্ড উচ্চ পর্যায়ে উঠেছে। জুলাইতে দেশে খুচরো মুদ্রাস্ফীতির হার ৭.৪৪ শতাংশে পৌঁছে গিয়েছিল।
বর্তমানে দিল্লিতে গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে ৯০৩ টাকা। উজ্জ্বলা যোজনার আওতায় সুবিধাভোগীরা বছরে ১২টি সিলিন্ডারে ৩০০ টাকা করে ভর্তুকি পান। বর্তমানে কলকাতায় গার্হস্থ্য সিলিন্ডারের দাম রয়েছে ৯২৯ টাকা। উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে সিলিন্ডারের দাম রয়েছে ৬২৯ টাকা। কারণ এই যোজনায় ৩০০ টাকা ভর্তুকি দেয় সরকার।
দেশে এখন প্রায় ৯.৬ কোটি কম আয়ের পরিবারকে সরকার উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকি দেয়। সম্প্রতি, উজ্জ্বলা যোজনার আওতায় এই ভর্তুকির পরিমাণ ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে।
আগের মাসেই কেন্দ্রের তরফে ৭৫ লাখ মহিলাকে নতুন করে উজ্জ্বলা যোজনার আওতায় এলপিজি কানেকশন দেওয়া হয়েছে। এই সংখ্যা যুক্ত হওয়ার পর দেশে উজ্জ্বলা যোজনার আওতায় সুবিধাভোগীর সংখ্যা ১০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। সরকার ভর্তুকি আরও বৃদ্ধি করলে সরাসরি ১০ লাখ পরিবার উপকৃত হবে।
