
নয়াদিল্লি, ৮ ডিসেম্বর : দলিত, আদিবাসীদের ওপর ক্রমবর্ধমান অপরাধের জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শুক্রবার বিজেপিকে আক্রমণ করেছেন। তিনি শুক্রবার দেশে দলিত ও আদিবাসীদের ওপর ক্রমবর্ধমান অপরাধের জন্য বিজেপি ও মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন যে এই সরকার সমাজকে বিভক্ত করার এজেন্ডা নিয়েছে।
খাড়গে সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে লিখেছেন, " ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) সর্বশেষ প্রতিবেদনটি নিছক পরিসংখ্যান নয়, এই প্রতিবেদনের মাধ্যমে স্পষ্ট করেই বোঝা গেছে যে এসসি-এসটি সম্প্রদায়ের মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলায় বিজেপির ভূমিকা কতটা"। অবিচার, নৃশংসতা এবং নিপীড়নের মাধ্যমে গত দশকে সমাজকে বিভক্ত করাই বিজেপির ষড়যন্ত্রমূলক এজেন্ডার অংশ, বলেও তিনি অভিযোগ করেন। কংগ্রেস সভাপতির আরও অভিযোগ যে দলিত ও আদিবাসীদের উপর ক্রমাগত নিপীড়ন বিজেপি-আরএসএসের ভণ্ডামিকে প্রকাশ করে। খাড়গে একটি পোস্ট শেয়ার করে দাবি করেছেন যে ২০১৩ সাল থেকে দলিতদের ওপর অপরাধ ৪৬.১১ শতাংশ এবং আদিবাসীদের ওপর অপরাধ ৪৮.১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
