
নয়াদিল্লি, ২৮ জুন : আখ চাষিদের স্বার্থে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। চলতি মরশুমে আখের এফআরপি (ন্যায্য ও লাভজনক মূল্য) বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। বুধবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, আখের এফআরপি (ন্যায্য ও লাভজনক মূল্য) কুইন্টাল প্রতি ১০ টাকা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা, ২০২৩-২৪ মরশুমে তা বেড়ে হল ৩১৫ টাকা প্রতি কুইন্টাল।
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, ২০২৩-২৪ সালের চিনি মরশুমে আখ চাষিদের জন্য ৩১৫ টাকা প্রতি কুইন্টাল সর্বোচ্চ ন্যায্য ও লাভজনক মূল্য অনুমোদন করেছে মন্ত্রিসভা। ৫ কোটি আখ চাষি এবং তাঁদের ওপর নির্ভরশীলদের পাশাপাশি চিনিকল এবং সংশ্লিষ্ট আনুষঙ্গিক কার্যক্রমে নিযুক্ত ৫ লক্ষ শ্রমিকদের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
