
বোকাখাত / ধুবড়ি (অসম), ২৮ ফেব্রুয়ারি : গোলাঘাট জেলার বোকাখাতে আজ মঙ্গলবার ভোররাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ভস্ম হয়ে গেছে। অপরদিকে নিম্ন অসমের ধুবড়ি জেলার অন্তর্গত গৌরীপুর বাজারেও এক অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি দোকান ছাই হয়েছে।
আজ ভোররাতে বোকাখাতের ২ নম্বর বহিখোয়া গ্রামের দুই বাসিন্দা কুলসন চার এবং কালিনাথ পেগুর বসতবাড়ি সম্পূর্ণ ভস্ম হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে লক্ষাধিক টাকার সম্পত্তি।
এদিকে গতরাতে অপর এক ঘটনায় ধুবড়ি জেলার অন্তর্গত গৌরীপুর বাজারে আগুন লেগে অন্তত সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে বহু লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। আগুন লাগার সঠিক নিশ্চিত কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয়দের সন্দেহ, দোকানের দামি জিনিসপত্র চুরি করতে কতিপয় দুর্বৃত্ত আগুন ধরিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে থানায় এফআইআর দায়ের করা হবে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
