
মুম্বই, ১০ নভেম্বর : মুম্বইয়ের বান্দ্রা ওরলি সি লিংকের টোল প্লাজায় এক দ্রুতগামী এসইউভি ধাক্কা মারল পরপর বেশ কয়েকটি গাড়িকে। বৃহস্পতিবার গভীর রাতে এই দুর্ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং ছয়জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন মহিলা এবং একজন পুরুষ বলে জানিয়েছে পুলিশ। আটক করা হয়েছে এসইউভির চালককে।
এক পদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, “ধাক্কার পর গাড়িটি গতি বাড়িয়ে টোল প্লাজায় আরও দুই থেকে তিনটি গাড়িকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় মোট ছয়টি গাড়ির ক্ষতি হয়েছে। নয়জন আহত হয়েছিলেন, এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছেন। আহত অন্য ছয়জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।” ঘাতক গাড়ির চালকও সামান্য আহত হয়েছেন। কী কারণে একের পর এক গাড়িতে ধাক্কা মারল ইনোভা গাড়িটি, তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তি গুজরাটের বাসিন্দা, বয়স ৪৫ বছর। তাঁর গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে একজনকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজনের চিকিৎসা চলছে ভাবা হাসপাতালে।
