
চামোলি, ১৬ আগস্ট: উত্তরাখণ্ডের চামোলি জেলার যোশীমঠে একটি বাড়ি ধসে একজনের মৃত্যু হয়েছে। বুধবার পুলিশ এই তথ্য জানিয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) সূত্রে জানা গিয়েছে, বদ্রীনাথ হাইওয়ে ও পিপালকোটি - যোশীমঠের মধ্যবর্তী এলাকায় হিলং গ্রামে মঙ্গলবার সন্ধ্যে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির দেহ বাড়িটির ধবংসাবশের মধ্যে চাপা পড়ে ছিল। দেহটি জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আরও জানা গিয়েছে, বাড়িটি ধসে পড়ার সময় সাতজন শ্রমিক বাড়িটিতে উপস্থিত ছিল। এসডিআরএফ তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। বিপর্যয় মোকাবিলা বাহিনী এখনও উদ্ধারকাজ চালাচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বর্ষায় উত্তরাখণ্ডে বৃষ্টিপাতের ফলে কমপক্ষে ৫২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৭ জনের মতো মানুষ। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে এসডিআরএফ ও এনডিআরএফ-কে মোতায়েন করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় এবছর প্রবল বৃষ্টির দরুণ ভূমিধস ও বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে।
