West Bengal

3 years ago

Canning : ক্যানিংয়ে মহিলা তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের

Women TMC worker killed in canning
Women TMC worker killed in canning

 

ক্যানিং, ১২ ফেব্রুয়ারি : দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল এক মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীর। নিহতের নাম সুচিত্রা মণ্ডল (৪৮)। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর গ্রামে। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় নিজের বাড়ির অদূরেই আলু ক্ষেতে জল দিতে গিয়েছিলেন সুচিত্রা। কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না আসায় তাঁর ছেলে খোঁজাখুঁজি শুরু করে। তখনই আলু ক্ষেতের পাশেই সুচিত্রার গলাকাটা রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে সে। এরপরেই স্থানীয়রা জানতে পেরে ঘটনাস্থলে চলে আসেন। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশও আসে ঘটনাস্থলে। পুলিশের প্রাথমিক ধারণা, ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে তাঁকে। ঘটনাস্থল থেকে একটি কোদালও উদ্ধার করেছে পুলিশ।

তবে সঠিক কি কারণে খুন সে সম্পর্কে জানা যায়নি। নিহতের পরিবারের দাবি, সুচিত্রা এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন, আর সেই কারণেই তাঁকে খুন করা হয়েছে। তবে এর পিছনে কোনও রাজনীতি আছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে অবশ্য এলাকার তৃণমূল নেতৃত্ব এখনও মুখ খোলেনি।



You might also like!